স্টারবাকসে কর্মী ধর্মঘট, সমর্থন জানিয়ে মামদানি ঘোষণা দিলেন—‘নো কফি’

স্টারবাকসে কর্মী ধর্মঘট, সমর্থন জানিয়ে মামদানি ঘোষণা দিলেন—‘নো কফি’












চুক্তি ও ন্যায্য বেতন-ভাতার দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে স্টারবাকস কর্মীদের ধারাবাহিক ধর্মঘট চলছে। বিশ্বখ্যাত কফিশপ চেইনটিতে কর্মীদের এই আন্দোলনে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন নিউইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানি। ধর্মঘট চলা পর্যন্ত তিনি স্টারবাকস থেকে কোনো পণ্য কেনা হবে না বলে ঘোষণা দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, গত শুক্রবার নিজের এক্স (X) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় মামদানি তাঁর ১০ লাখের বেশি অনুসারীর উদ্দেশে লেখেন—
“সারাদেশে স্টারবাকসের কর্মীরা ন্যায্য বেতন ও চুক্তির দাবিতে আন্দোলনে নেমেছেন। তারা যতদিন ধর্মঘট করবেন, ততদিন আমি স্টারবাকস থেকে কিছুই কিনব না। আপনাদেরও অনুরোধ—স্টারবাকস বর্জন করুন।”

৩৪ বছরের এই ডেমোক্র্যাট আরও যোগ করেন,
“আমরা একসঙ্গে শক্ত বার্তা দিতে চাই—‘নো কন্ট্রাক্ট, নো কফি’।’’

‘রেড কাপ রেবেলিয়ন’ নামে আন্দোলন

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, একইদিন স্টারবাকস কর্মীদের সংগঠন স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড তাদের চলমান ধর্মঘটকে ‘রেড কাপ রেবেলিয়ন’ নামে অভিহিত করে। সংগঠনটি দাবি করেছে, দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে ব্যাপক ধর্মঘট চলছে, যা স্টারবাকস কর্মীদের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ধর্মঘট হয়ে উঠতে পারে।

সংগঠনটি সমাজমাধ্যমে ‘No Contract, No Coffee’ হ্যাশট্যাগে প্রচারণা চালানোর পাশাপাশি জনগণকে স্টারবাকসের পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

কোম্পানি বা মামদানির কোনো মন্তব্য মেলেনি

সংবাদমাধ্যমটি জানায়, স্টারবাকস কর্তৃপক্ষ ও জোহরান মামদানি—দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করা হলেও তাঁরা কোনো মন্তব্য প্রদান করেননি।

এক হাজারের বেশি কর্মী যুক্ত

আল জাজিরার ১৩ নভেম্বরের প্রতিবেদনের বরাতে জানা গেছে, প্রতিষ্ঠানটির সঙ্গে ইউনিয়নের দেন-দরবার থেমে যাওয়ার কারণে স্টারবাকসের ইউনিয়নভুক্ত এক হাজারেরও বেশি কর্মী যুক্তরাষ্ট্রের ৪০টির বেশি শহরে ধর্মঘটে অংশ নিয়েছেন।

0/Post a Comment/Comments